কানের মার্শে দ্যু ফিল্মে কৃষ্ণকলির প্রামাণ্যচিত্র

কানের মার্শে দ্যু ফিল্মে কৃষ্ণকলির প্রামাণ্যচিত্র
কৃষ্ণকলি । সঙ্গীত শিল্পী

উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ০১:০৪

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের ‘কান ডকস’-এ সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলামের প্রথম প্রামাণ্যচিত্র ‘নো অবজেকশন সার্টিফিকেট’র নির্মাণ প্রকল্প নির্বাচিত হয়েছে। 

মার্শে দ্যু ফিল্মের ওয়েবসাইটে ‘স্পটলাইটেড প্রজেক্ট’ হিসেবে বিভিন্ন দেশের ১৪টি চলচ্চিত্র নির্মাণ প্রকল্পের মধ্যে একমাত্র বাংলাদেশি প্রকল্প ‘নো অবজেকশন সার্টিফিকেট’।

করোনাভাইরাসের কারণে এবার বিকল্প ব্যবস্থায় ২২ থেকে ২৬ জুন ভার্চুয়ালি এ আয়োজন হচ্ছে; ২৩ থেকে ২৫ জুন তিনদিন নির্বাচিত প্রামাণ্যচিত্র নিয়ে মার্শে দ্যু ফিল্মে আলোচনায় অংশ নেবেন নির্মাতারা।

দেশের সমাজ ব্যবস্থায় সন্তানের অভিভাবকত্ব নিয়ে একজন একক মায়ের জীবন সংগ্রাম নিয়ে এ প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন তিনি। ইতোমধ্যে এটির চিত্রনাট্য ও গবেষণা পর্বের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রামাণ্যচিত্রের প্রযোজনায় যুক্ত আছেন তারেক হাসান; সহপ্রযোজক পেলেই চলতি বছরের শেষভাগে দৃশ্যধারণ শুরুর করবেন বলে গ্লিটজকে জানান কৃষ্ণকলি; আগামী বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে তার প্রথম প্রামাণ্যচিত্রটি।

তিনি বলেন, “এটি নিয়ে আমাদের অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। সিনেমার চেয়ে ডকুফিল্মের প্রতিই আমার আগ্রহ বেশি। ডকুমেন্টারিতে নিজেকে সহজে সম্পৃক্ত করতে পারি। আগামীতে আরো কাজ করার ইচ্ছা আছে।”

চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেনের চলচ্চিত্র দেখে নির্মাতা হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান সংগীতশিল্পী কৃষ্ণকলি।

সংগীতে প্রতিষ্ঠিত হওয়ার আগে নব্বইয়ের দশকে একাধিক নাটকের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন কৃষ্ণকলি। তখন থেকেই বিভিন্ন চলচ্চিত্র আন্দোলন ও সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও নির্মাতা হিসেবে কাজ শুরু করলেন কয়েক বছর আগে।

এর আগে ‘নো অবজেকশন সার্টিফিকেট’র নির্মাণ প্রকল্পটি ২০১৯ সালে ঢাকায় আয়োজিত ‘ঢাকা ডকল্যাব’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালায় ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাওয়ার্ড (আইইএফটিএ) পেয়েছিল। আইইএফটিএ’র তত্ত্বাবধানেই তার প্রকল্প মার্শে দ্যু ফিল্মের ‘কান ডকস’-এ পাঠানো হয়েছিল বলে জানান তিনি।

প্রামাণ্যচিত্র নির্মাতাদের উৎসাহিত করতে কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মে ‘কান ডকস’-এর আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশে থেকে নির্বাচিত প্রামাণ্যচিত্রের প্রকল্প নিয়ে নির্মাতারা বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পান।

প্রামাণ্যচিত্রের প্রকল্পের উপর সহপ্রযোজক খুঁজে দিতেও সহযোগিতা করা হয় এ প্লাটফর্ম থেকে। বিডিনিউজ২৪

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading