করোনার ছোবল: সবচেয়ে বিধ্বস্ত ১৬ দেশ

করোনার ছোবল: সবচেয়ে বিধ্বস্ত ১৬ দেশ
করোনা (কোভিড-১৯) বিশ্ব

উত্তরদক্ষিণ : শনিবার ১৩ জুন ২০২০ । ১৮:২০

নভেল করোনাভাইরাসের ছোবল পড়েছে বিশ্বের ২১৫টি দেশে। এর মধ্যে ১২২টি দেশে আক্রান্তের সংখ্যা হাজারের উপরে। এই ১২২টি দেশের মধ্যে ১০ হাজার পাওয়া দেশের সংখ্যা ৫৯টি। আবার ৫৯টি দেশের মধ্যে করোনায় আক্রান্ত অর্ধলক্ষ পাড় হওয়া দেশের সংখ্যা ২৩টি। বাংলাদেশ এই তালিকায় আছে।

শনিবার (১৩ জুন) সবশেষ তথ্য অনুযায়ী, চীনকে পেছনে ফেলে বর্তমানে বাংলাদেশ ৮৪ হাজারের বেশি আক্রান্ত কভিড-১৯ রোগী নিয়ে শীর্ষ তালিকার ১৮তম অবস্থানে আছে।

ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বের ২১৫টি করোনা আক্রান্ত দেশের মধ্যে লাখের অধিক আক্রান্ত দেশের সংখ্যা ১৬টি। তালিকার শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ২১ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ লাখ ১৭ হাজার ২৭ জন, যাদের মধ্যে মারা গেছে ১ লাখ ১৬ হাজার ৮৩১ জন। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর সংখ্যা হাজারের নিচে। গত একমাস আগে যেখানে একদিনে আমেরিকায় ৩ হাজার পর্যন্ত মৃত্যু হতো, সেখানে গত একদিনে ৮শ’র কাছাকাছি মৃত্যু হওয়ায় আমেরিকায় করোনা মহামারি কমে আসার ইঙ্গিত বহন করে। যদিও একই সময় আক্রান্তের সংখ্যা ২৭ হাজারের বেশি। ফলে মৃত্যু কমলেও আক্রান্তর পরিসংখ্যানে খুব বেশি যে উন্নতি হয়নি, সেকথা বলার অপেক্ষা রাখে না।

করোনায় সবচেয়ে বিধ্বস্ত দেশগুলোর শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৮ লাখ ৩০ হাজার প্রায়। সেখানে করোনায় মারা গেছে প্রায় ৪২ হাজার মানুষ। রাশিয়ায় আক্রান্ত ৫ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। তবে দেশটিতে মৃত্যুর হার তুলনামূলক কম, এ পর্যন্ত ৬ হাজার ৮২৯ জনের মৃত্যু হয়েছে করোনায়।

শীর্ষ তালিকার চতুর্থ অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ- ইন্ডিয়ায় আক্রান্ত ৩ লাখ ১০ হাজারেরও বেশি। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৮৯৫ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেন, স্পেন, ইতালি শীর্ষ তালিকার যথাক্রম ৫ম, ৬ষ্ঠ ও ৭ম স্থানে আছে। এর মধ্যে ব্রিটেন ও স্পেনে আক্রান্ত ৩ লাখ ছুঁইছুঁই করছে। ব্রিটেনে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৪৮১ জন মানুষের। ইতালিতেও আক্রান্ত ২ লাখের বেশি। আর স্পেনে মৃত্যু ২৭ হাজার হলেও ইতালিতে এই সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

তালিকার ৮ম স্থানে থাকা পেরুতে আক্রান্ত প্রায় সোয়া ২ লাখ। এছাড়া জার্মানি ও ইরান- দু’দেশেই পৃথকভাবে আক্রান্ত ১ লাখ ৮০ হাজারের উপরে। তালিকার ১১তম স্থানে থাকা ইউরোপের দেশ তুরস্কে আক্রান্ত পৌনে ২ লাখ। চিলিতে ১ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। ১৩তম তালিকায় থাকা ফ্রান্সেও এই সংখ্যা দেড় লাখের বেশি।

শীর্ষ তালিকার ১৪ থেকে ১৬ নম্বরে আছে মেক্সিকো, পাকিস্তান ও সৌদি আরব। এই তিনটি দেশেই আক্রান্ত লাখের বেশি। তবে সৌদি আরবে মৃত্যু অনেক কম। প্রায় ১ লাখ ২০ হাজার আক্রান্ত হলেও এ পর্যন্ত সেখানে মারা গেছে মাত্র ৮৯৩ জন। তালিকার ১৮তম অবস্থানে থাকলেও বাংলাদেশে এই সংখ্যা ১১শ ৩৯ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading