করোনা মোকাবিলায় ‘সমন্বয়ের ঘাটতি’ দেখছে টিআইবি
উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১২:১০
মোহাম্মদ শিহাব: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ মারা যাচ্ছেন। মহামারি আকাড়ে করোনা বা কভিড-১৯ দেশব্যাপী ব্যাপক হারে ছড়িয়ে গেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এরই মধ্যে করোনা প্রদুর্ভাবের কারণে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ এলাকাসহ সারাদেশের অন্তত ৫০টি জেলাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। করোনার লাগাম টানতে না পারলে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে- তা এখন খুব সহজেই অনুমেয়।
এমন প্রেক্ষপটে করোনা বা কভিড-১৯ মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে ‘পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি’ দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি’ প্রকটভাবে লক্ষণীয়। সোমবার (১৫ জুন) অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
করোনাভাইরাসের সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ, এ নিয়ে নিয়ে টিআইবির একটি গবেষণাপত্র সোমবার অনলাইনে প্রকাশ করা হয়েছে। সেই গবেষণার প্রসঙ্গ টেনে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘করোনাভাইরাসের সংকট মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি বিদ্যমান।’
এছাড়া দীর্ঘসময় ধরে ‘পরিকল্পনাহীনতা, সুশাসনের ঘাটতি ও অপ্রতুল বাজেট বরাদ্দের’ কারণে স্বাস্থ্যখাতের দুর্বলতা করোনাকালীন এই সঙ্কটে উন্মোচিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

