করোনা চিকিৎসার বিল মাত্র সাড়ে ৮ কোটি টাকা!
উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ২০:২০
করোনাভাইরাসে বয়স্কদের বিপদ বেশি। অবশ্য ১০০ বছরের বেশি বয়সের মানুষও করোনা থেকে সেরে উঠেছেন- এমন ঘটনাও আছে। এমনই এক প্রবীণ মানুষের করোনামুক্ত হওয়ার ঘটনা সামনে এলো অন্য কারণে। না, তিনি ১০০ বছরের ঊর্ধ্বে নন। কিন্তু খবরে উঠে এলেন করোনা-মুক্ত হতে তার যা খরচ হয়েছে সে জন্য। আমেরিকায় ওয়াশিংটনের ইসাকাওয়া শহরে এক সুইডিস চিকিৎসাকেন্দ্রে ৪ মার্চ ভর্তি হন ৭০ বছরের মাইকেল ফ্লোর নামে এক ব্যক্তি। সম্প্রতি তিনি করোনা-মুক্ত হয়ে বাড়ি ফেরেন।
মাইকেল এ পর্যন্ত সব থেকে বেশি দিন ধরে চিকিৎসা করিয়ে করোনামুক্ত হওয়ার রেকর্ড গড়লেন। ৬২ দিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। আর তার থেকেও বেশি আলোচনা চলছে যে কারণে তাহলো, তার হাতে যে বিল ধরানো হয়েছে- ওই চিকিৎসা কেন্দ্রের তরফে তার অঙ্ক। তার চিকিৎসায় খরচ হয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মু্দ্রায় তা সাড়ে ৮ কোটি টাকার বেশি।
গত ৬ মে হাসপাতাল থেকে ছাড়া পান মাইকেল। সেদিন তার হাতে মোট ১৮১ পাতার একটি বিল ধরানো হয়। এক সংবাদপত্রকে মাইকেল জানান, এত বড় বিল দেখেই তিনি চমকে যান। এই বিলে প্রায় তিন হাজার দফা ছিল। তার মধ্যে স্পেশাল ভেন্টিলেটর সহ সব কিছুর খুঁটিনাটি হিসেব দেওয়া হয়েছিল। দ্য সিয়াটেল টাইমস-এর মতে, একটা সময় মাইকেলের হার্ট, কিডনি এবং ফুসফুস প্রায় কাজ করছিল না। সেই অবস্থা থেকে তাঁকে ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল। বিলের অঙ্ক যাই বলুক, আপাতত মাইকেলের প্রাণহানির আশঙ্কা নেই, এটাই ভরসার। সূত্র: আনন্দবাজার।

