চীন সীমান্তে সংঘর্ষ, কর্নেলসহ ইন্ডিয়ান ৩ সেনা নিহত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৪:৫০
লাদাখের গালওয়ান ভ্যালিতে ইন্ডিয়া ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে গত সোমবার (১৫ জুন) রাতে দুপক্ষেই বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে ইন্ডিয়া মঙ্গলবার (১৬ জুন) জানিয়েছে।
১৯৭৫ সালের পর সম্ভবত এই প্রথম ইন্ডিয়া-চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল।
ইন্ডিয়ার দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দুজন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা- এএফপি টুইট করেছে, বেজিং অভিযোগ করেছে যে, ইন্ডিয়া সীমান্ত অতিক্রম করে চীনা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছে।
ইন্ডিয়ান সেনা বাহিনী জানিয়েছে, গত সোমবার রাতে গালওয়ান ভ্যালিতে যখন ‘ডি-এসক্যালেশন’ বা উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল তখনই দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাতে দুপক্ষেই বেশ কয়েকজন হতাহত হন।
ইন্ডিয়ার দিকে তিনজন নিহত হবার খবর জানানো হলেও কতজন চীনা সৈন্য মারা গেছেন সে ব্যাপারে ইন্ডিয়ান সেনা বাহিনী কোনও মন্তব্য করেনি বলে বিবিসির খবরে বলা হয়। এ মুহুর্তে ঘটনাস্থলেই (গালওয়ান ভ্যালি) দুপক্ষের সিনিয়র সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টায় আলোচনা চালাচ্ছেন বলেও জানানো হয়েছে। যার অর্থ, গত রাতের সংঘর্ষের পর এখন আলোচনার মাধ্যমে একটা মিটমাটের চেষ্টা চলছে।

