আপনি বাঁচতে চাচ্ছেন কিনা নিজে সিদ্ধান্ত নিন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৭:৫০
ডা. মো. অহিদুজ্জামান শামীম: আপনি নিজে বাঁচতে চাচ্ছেন কিনা? নিজে সিদ্ধান্ত নিন। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অনেক আক্রান্ত। আজকে মঙ্গলবার (১৬ জুন) সকালে এক রোগীর (আমার আত্মীয়) রক্ত নেয়ার জন্য পটুয়াখালীতে দুটি বেসরকারি ডায়াগনস্টিক-এ যোগাযোগ করলে একটি প্রতিষ্ঠান জানায়, তাদের ৩ জন sample কালেকশনের সকল কর্মচারীর করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আইসোলেশনে। অন্য ডায়াগনস্টিক জানায়, তাদের ৩ জনের দুই জন উপসর্গ নিয়ে বাড়িতে একজন এখন আছে। সেও কখন অসুস্থ হয় এই নিয়ে চিন্তিত। পরে অনেক request করে sample collection করিয়েছি। বর্তমান সময়ে এটাই বাস্তব।
সরকারি বেসরকারি সকল স্থানেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর একটা বড় অংশ আক্রান্ত। এটা শুধু পটুয়াখালীতে না, সারা দেশেই মোটামুটি একই চিত্র। একজন চিকিৎসক হিসেবে আমি প্রয়োজনে চিকিৎসা পাব কিনা- এটাও এখন চিন্তা করছি। এক্ষেত্রে চিকিৎসক, চিকিৎসা ব্যবস্থা বা সরকারের দোষের চেয়েও, বাস্তবতা এই অবস্থায় নিয়ে আসছে।
সক্ষমতার চেয়ে চাপ বেশি বাড়লে যে কি অবস্থা হয় এর প্রমাণ RT PCR পরীক্ষায় ফলাফল প্রাপ্তির সময়। ১টি ল্যাবের স্থানে এখন ৫৯টি ল্যাব। কিন্তু সময় মতো রিপোর্ট কি পাচ্ছেন? রোগী আরও বেড়ে গেলে COVID 19 রোগের চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান oxygen এর অভাব হবে। এটাই বাস্তবতা।
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা সরকারকে গালি দিয়ে লাভ হবে না। অনেক বড় বড় যুক্তি দিয়ে লাভ নাই। বাঁচতে চাইলে নিজে স্বাস্থ্য বিধি মেনে চলুন। (ফেইসবুক থেকে নেয়া।)
লেখক: সহকারী অধ্যাপক, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল।

