আল্লামা শফীর উত্তরসূরি শেখ আহমদ, বাবুনগরীকে অব্যাহতি

আল্লামা শফীর উত্তরসূরি শেখ আহমদ, বাবুনগরীকে অব্যাহতি

উত্তরদক্ষিণ । বুধবার ১৭ জুন ২০২০ । ১৯:৩০

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আমৃত্যু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসার শুরা কমিটি। আর তার মৃত্যুর পর এই দায়িত্ব পাবেন মাওলানা শেখ আহমদ। একইসঙ্গে হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত চলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এক হেফাজত নেতা জানিয়েছেন, বৈঠকে মাদ্রাসার বর্তমান সহযোগী পরিচালক হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে সহযোগী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। হেফাজতে ইসলামের আমিরের মৃত্যুর পর শেখ আহমদই মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

একটি সূত্র জানায়, উপমহাদেশে অন্যতম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারীতে মুহাদ্দিস হিসেবে ২০১৮ সালের মে মাসে যোগ দেন শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ। বাংলাদেশের কওমি অঙ্গনে হাদিসের জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত রয়েছে তার। তিনি এর আগে চট্টগ্রামের উবাইদিয়া নানুপুর মাদরাসার শাইখুল হাদিস হিসেবে কর্মরত ছিলেন। তাকে আল্লামা শাহ আহমদ শফী’র অন্যতম খলিফা বা সহযোগী বলা হয়ে থাকে।

এর আগে বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মজলিসে শুরার বৈঠক শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত চলা ওই বৈঠকের শুরুতে জুনায়েদ বাবুনগরীকে রাখা হয়নি। বাবুনগরীকে না রাখার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক হেফাজতে ইসলাম নেতা জানিয়েছেন, বাবুনগরী শুরা কমিটির সদস্য নন। তাই তাকে বৈঠকে রাখা হয়নি।

তবে মাদ্রাসার আরেকটি সূত্র জানিয়েছে, ২০১৭ সালে অনুষ্ঠিত শুরা কমিটির বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শুরা সদস্য করা হয়। ওই সময় তাকে মাদ্রাসার সহযোগী পরিচালক করা হয়। যদিও সম্প্রতি একটি ভিডিও বার্তায় মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী জানিয়েছেন, ‘কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালক বা সহকারী পরিচালক পদ দেননি।’

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১৭ সালের পর বুধবারই দ্বিতীয়বার বৈঠক করেছে মাদ্রাসার শুরা কমিটি। এই বৈঠক নিয়ে কেউ সরাসরি বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা রোগে ভুগছেন। তাই, নিয়মতান্ত্রিকভাবে পরবর্তী মহাপরিচালক নির্বাচন করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে মৃত্যুবরণ করা সদস্যরা ছাড়া প্রায় সব শুরা সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading