ডা. রকিব হত্যায় গ্রেপ্তার ৫: একজনের জবানবন্দি, রিমান্ডে ১

ডা. রকিব হত্যায় গ্রেপ্তার ৫: একজনের জবানবন্দি, রিমান্ডে ১

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১৮ জুন ২০২০ । ১৮:৪০

মৃত প্রসূতি শিউলী বেগমের ভাইসহ স্বজনদের হামলায় নিহত ডা. আব্দুর রকিব খান হত্যা মামলায় প্রধান আসামিসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে খাদিজা (৪৫) নামের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রহিম নামে অপর এক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার অপর তিনজনকে নিয়ে এখনও খুলনায় পৌঁছায়নি আইনশৃঙ্খলা বাহিনীর। তাদের গাজীপুর থেকে গ্রেপ্তারের পর খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে। ডা. রকিব খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিএম মনিরুজ্জামান বৃহস্পতিবার (১৮ জুন) এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির জানান, গ্রেপ্তারকৃতরা হচ্ছে- প্রধান আসামি জমির (মৃত শিউলীর ভাই), এজাহারভুক্ত আবুল আলী (শিউলীর স্বামী) ও মো. রহিম এবং সন্দেহভাজন খাদিজা (মৃত্যের ভাইয়ের স্ত্রী) ও গোলাম মোস্তফা (মৃতের চাচা)। বুধবার (১৭ জুন) দিবাগত রাতে এদের গাজীপুরের টঙ্গী ও খুলনার রূপসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে রহিমকে আটক করা হয়। এনিয়ে এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজন গ্রেপ্তার হলো।

এসআই মনিরুজ্জামান জানান, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর খাদিজাকে জেল হাজতে পাঠানো হয়। অপর আসামি রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। অন্য তিন জনকে খুলনায় আনার পর আদালতে হাজির করা হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করেছেন। অপর আসামি আব্দুর রহিম (৩৮) কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে ডা. রকিব খানের ওপর হামলা ও নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শাওন শিকদার, সাধারণ সম্পাদক সুমন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ হালদার, সাংগঠনিক সম্পাদক প্রভাস সরকার, মহিলা বিষয়ক সম্পাদক তাসনিম নিশা, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম, অমিত মন্ডল, সুমন সানা, প্রলয় যোদ্দার প্রমুখ।

উল্লেখ্য, ১৫ জুন খুলনা বিএমএ-র আজীবন সদস্য বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. আব্দুর রকিব খান (৫৯) তার হাসপাতালে কর্তব্যরত ছিলেন। এসময় চিকিৎসা অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগে তাকে মৃত্যু রোগীর স্বজনরা কৌশলে বাইরে ডেকে নিয়ে মারধর করেন। পরে ক্লিনিকের স্টাফরা তাকে গুরুতর অবস্থায় প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৬ জুন দুপুরে দ্রুত তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ওইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

বুধবার (১৭ জুন) দুপুরে নিহতের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading