উদীচী কার্যালয়ে শেষ শ্রদ্ধায় সিক্ত কামাল লোহানী, সিরাজগঞ্জে দাফন
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ২০:৪০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়েছে উদীচী কার্যালয়ে। স্বাস্থ্যবিধি মেনে শনিবার (২০ জুন) বিকাল ৪টার দিকে কামাল লোহানীর মরদেহ রাজধানীর তোপখানা রোডে উদীচী কার্যালয়ে নেয়া হয়। সেখানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক এই সভাপতির মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে রাজধানীর শেখেরটেকের কোয়ান্টাম ফাউন্ডেশনে তার মরদেহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী গোসল করানো হয়। পরে উদীচী কার্যালয়ে আনা হলে সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ারসহ কমিটির নেতৃবৃন্দ, কামাল লোহানীর পরিবারের সদস্য এবং তার শুভানুধ্যায়ীরা তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জাতীয় শ্রমিক জোট, ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি, বিবর্তন সাংস্কৃতিক ফোরাম, কেন্দ্রীয় খেলাঘর, হাতেখড়ি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, নবনাট্য সংঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সিপিবি কেন্দ্রীয় কমিটি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি কামাল লোহানীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের শেষ পর্যায়ে উদীচীর পক্ষ থেকে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’, ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’, ‘কে বলেছে হয়না’ এবং ‘ও আলোর পথযাত্রী’ গানগুলো। এরপর তার মরদেহবাহী গাড়িটি জাতীয় পতাকা এবং উদীচীর পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। তার মরদেহ দাফনের জন্য নেয়া হয় গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল লোহানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন সারমিন, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরসহ জাতীয় নেতৃবৃন্দ।

