সপরিবারে আবেদ খান করোনা আক্রান্ত
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ২২:৩৮
বিশিষ্ট সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দৈনিক জাগরণ সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নমুনা সহ তিনি নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। আজ ফল হাতে পেয়েছেন। সবার করনা-পজিটিভ ধরা পড়েছে।
আক্রান্ত অন্যরা হলেন- আবেদ খানের স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও ছেলের বউ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী।
তারা সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খান বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
আবেদ খান জানান, কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে।
৭৫ বছর বয়সী আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।
আবেদ খানের জন্ম সাতক্ষীরায়, ১৯৪৫ সালের ১৬ এপ্রিল।
আবেদ খানের সাংবাদিকতায় হাতেখড়ি হয় দৈনিক ‘জেহাদ’ পত্রিকার মাধ্যমে। ১৯৬৩ সালে তিনি দৈনিক সংবাদে যোগ দেন।
দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আবেদ খান। ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকে আবেদ খান পর্যায়ক্রমে শিফট-ইনচার্জ, প্রধান প্রতিবেদক ও সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি কালের কণ্ঠ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যুগান্তর ও সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকতা ও প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আবেদ খান।
এছাড়া তিনি একুশে টেলিভিশনের সংবাদ ও চলতি তথ্য বিষয়ক প্রধান হিসেবে কাজ করেছেন।
প্রথিতযশা এই সাংবাদিকের স্ত্রী সানজিদা আক্তার শিক্ষকতার সঙ্গে যুক্ত। তার ছেলে ও ছেলের বউ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

