কক্সবাজার পৌর এলাকার ‘লকডাউনে’র মেয়াদ আরও ১০ দিন বাড়লো
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । ২১:০৮
দেশের কক্সবাজার পৌর এলাকার ‘লকডাউনে’র মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। শনিবার (২০ জুন) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা জানান, আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন থাকবে। উল্লেখ্য, কক্সবাজার শহরকে দেশে প্রথম ‘রেড জোন’ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা (কোভিড-১৯) ভাইরাস আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় কক্সবাজার জেলা প্রশাসন গত ৬ জুন কক্সবাজার পৌর এলাকাকে দেশের ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে ১৫ দিনের জন্য ‘লকডাউন’ করে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী শনিবার ছিল অবরুদ্ধ অবস্থা শেষ হওয়ার কথা ছিল।
কক্সবাজার পৌর শহরটিতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। শুক্রবার (১৯ জুন) পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৯৬৪। এদের অধিকাংশই আক্রান্ত হয়েছে গত ২০ দিনে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মারা গেছে যাদের মধ্যে ১৫ জনই কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা।
তাই কক্সবাজার পৌর এলাকায় লকডাউনের মেয়াদকাল আরও ১০ দিন বৃদ্ধি করে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মাসুদ।
কক্সবাজার পৌর এলাকার ছাড়াও এই জেলায় আরও কয়েকটি এলাকা গত ৭ জুন ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে লকডাউন করা হয়েছে। এলাকাগুলো হচ্ছে, চকরিয়া পৌর এলাকা, ডুলাহাজারা ইউনিয়ন, টেকনাফ পৌর এলাকা, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনের আশপাশের তিনটি ওয়ার্ড ও রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং স্টেশনের আশপাশ এলাকা।
৮ জুন লকডাউন করা হয় উখিয়া উপজেলা সদর স্টেশনের আশপাশের তিনটি ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে লকডাউন করা হয়েছে।

