সাতক্ষীরায় বিএনপির ‘ত্রাণ বহরে’ হামলার অভিযোগ

সাতক্ষীরায় বিএনপির ‘ত্রাণ বহরে’ হামলার অভিযোগ

উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ২০:১০

সাতক্ষীরার শ্যামনগরে ত্রাণ দিতে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। রবিববার (২১) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা সেতুর কাছে এ হামলায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। তবে হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয়ে আছেন তিনি। হামলার ব্যাপারে কিছু জানেন না। থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী বলেন, শুনেছিলাম বিবাদের একটি ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে তেমন কোনো আলামত খুঁজে পায়নি।

এদিকে, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী দুপুরে তার বাড়ির সামনে এক প্রেস ব্রিফিং হামলার অভিযোগ এনে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবি জানান। ইফতেখার আলী জানান, রবিবার বেলা ১১টার দিকে শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণবিতরণ করতে তার নেতৃত্বে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদল সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ বিএনপির নেতাকর্মীরা যাচ্ছিলেন। পথে কাশিমাড়ি ইউনিয়নের চুনা সেতুর কাছে স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজিব হায়দারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের উপর দুই দফা হামলা চালায় বলে তার অভিযোগ। এ সময় তাদের ‘কমপক্ষে ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। তাদের একটি প্রাইভেটকারসহ ৮/১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’

বিএনপির বলছে, হামলায় আহতরা হলেন- উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাবেক ছাত্র নেতা মাসুদ, ছাত্রদল কর্মী রাসেল, যুবনেতা আনিছ, মিঠু, জহিরুল, মোস্তফা মিন্টু, রবিউল, মামুন ও ছালাম। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান বিএনপি নেতা ইফতেখার
আলী।

তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজিব হায়দার। ঘটনাস্থলে ছিলেন না এবং ঘটনাটি জানেন না বলে দাবি করে রোজিব বলেন, পরে শুনেছি, যারা ত্রাণ দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading