’পুলিশে দুর্নীতি চলবে না, বড়লোক হতে চাইলে চাকরি ছেড়ে ব্যবসা করুন’
উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৩:৪০
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘কোনও পুলিশ সদস্য অবৈধভাবে অর্থ উপার্জন করতে পারবেন না। দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কেউ যদি বড়লোক হতে চায়, তাহলে সে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক, বড়লোক হোক, আমরা তাকে সাধুবাদ জানাবো। কিন্তু পুলিশে থেকে কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যাবে না।’
রবিবার (২১ জুন) রাতে সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, রংপুর মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল রেঞ্জ, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, র্যাব পিবিআই, রেলওয়ে, টুরিস্ট, হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদর দফতর থেকে ভিডিও কনফারেন্স করেন আইজিপি বেনজীর আহমেদ। এই ভিডিও কনফারেন্সে আইজিপি এসব কথা বলেন।
পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় আইজিপি বলেন, ‘পুলিশকে মাদকমুক্ত হতে হবে। কোনও পুলিশ সদস্য মাদক গ্রহণ করবে না, মাদকের ব্যবসা করবে না, মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক রাখবে না। বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে যৌথভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণকে ভালবাসতে হবে, তাদের পাশে থাকতে হবে। তাদের জন্য কাজ করতে হবে। দায়িত্ব পালনকালে নিপীড়ন-নির্যাতনের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে সব ধরনের নির্যাতন থেকে বেরিয়ে এসে জনগণের পুলিশ হয়ে উঠতে হবে।’
এসময় করোনাকালে পুলিশের সেবার কথাও উল্লেখ করেন তিনি।
আইজিপি বলেন, ‘করোনার সময় জনগণকে আমাদের কাছে আসতে হয়নি। আমরা জনগণের কাছে গিয়েছি। তাদের পাশে থেকেছি। তাদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়েছি। জীবন বিলিয়ে দিয়েছি। তাদের বাসায় খাবার পৌঁছে দিয়েছি। যাতায়াতের ব্যবস্থা করেছি। তাদের ধান কাটার ব্যবস্থা করেছি। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির আপনজনরা যখন কাছে আসেনি তখন আমরা তার দাফন এবং সৎকারের ব্যবস্থা করেছি। এটা আমাদের দায়িত্ব ছিল না, কিন্তু আমরা মানবিক দায়িত্ববোধ থেকে কাজটি করেছি।’

