আমেরিকায় আক্রান্ত সাড়ে ২৩ লাখেরও বেশি

আমেরিকায় আক্রান্ত সাড়ে ২৩ লাখেরও বেশি

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৬:১৫

নভেল করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু আমেরিকাতেই আক্রান্তের সংখ্যা সাড়ে ২৩ লাখের বেশি। আর বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজারের মধ্যে আমেরিকাতে এই সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়িয়ে গেছে। করোনার মাতৃভূমি হিসেবে বিবেচিত চীনেও দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়ছে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬শ বেশি মানুষ। অপরদিকে, প্রতিবেশী ইন্ডিয়ায় আক্রান্ত সংখ্যা সোয়া ৪ লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭শ’র বেশি মানুষ।

সোমবার (২২ জুন) গ্রিনিচ মান সময় ০৮:৫০টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৫৬ হাজার ৭১৫ জন। এদের মধ্যে মারা গেছে ১ লাখ ২২ হাজার ২৪৮ জন। আক্রান্তদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার মানুষ সুস্থ হয়েছেন আর বর্তমানে চিকিৎসাধীন কভিড-১৯ রোগীর সংখ্যা ১২ লাখ ৫৪ হাজারের বেশি।

করোনায় আক্রান্ত বিশ্বের ২১৫টি দেশের মধ্যে শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে একদিন আগেই। সবশেষ খবর হচ্ছে, সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ হাজার ৬৫৯ জন, আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮৭ হাজার প্রায়।

রাশিয়ায় মৃত্যু তুলনামূলক কম হলেও আক্রান্ত বেড়েই চলছে। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯২ হাজার ২৮০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৭ হাজার ৬শ এবং মৃত্যু ৯৫ জন বেড়ে হয়েছে ৮ হাজার ২০৬ জন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত ইন্ডিয়ায় করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন, মারা গেছে ১৩ হাজার ৭০৩ জন। তবে আক্রান্তদের মধ্যে ২ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ এরই মধ্যে সুস্থ হয়েছেন এটিই এ মুহূর্তে ইন্ডিয়ার জন্য আত্মতৃপ্তির বিষয়। কারণ, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সেখানে সুস্থতার হার বেশি।

আক্রান্তের সংখ্যা তিন লাখ পাড় হওয়া ব্রিটেনে এরই মধ্যে মৃত্যু ৪২ হাজার ৬৩২ জনে পৌঁছেছে। ইউরোপের আরেক দেশ স্পেনে আক্রান্ত বেড়ে হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৩৫২ জন, মৃত্যু ২৮ হাজার ৩২৩ জন। সেখানে সুস্থতার কোনো তথ্য নেই।

বিশ্বের সবচেয়ে বিধ্বস্ত দেশগুলোর মধ্যে আক্রান্তের পরিসংখ্যানে ৭তম অবস্থানে থাকা পেরুতে কভিড রোগী সংখ্যা আড়াই লাখের বেশি। আর ৮ম স্থানে থাকা চিলিতে এই সংখ্যা ২ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। তবে চিলিবাসীর জন্য আনন্দের বার্তা হলো- আক্রান্তদের মধ্যে ২ লাখের বেশি এরই মধ্যে সুস্থ হয়েছেন। সেখানে মৃত্যু সাড়ে ৪ হাজারের কাছাকাছি। বর্তমানে দেশটিতে কভিড রোগীর সংখ্যা ৩৭ হাজারের কিছু বেশি।

২১৫টি দেশের মধ্যে করোনায় আক্রান্ত দুই লাখ পাড় হওয়া দেশের মধ্যে এছাড়া আছে ইতালি ও ইরান। আর আক্রান্ত সংখ্যা এক লাখের বেশি এবং দুই লাখের কম এমন দেশ আছে ৮টি। এর মধ্যে সবার উপরে থাকা জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৯১ হাজারের বেশি। তালিকার সবার নিচে থাকা কানাডায় এই সংখ্যা ১ লাখ ১ হাজার ৩৩৭ জন। এই তালিকার ৭তম অবস্থানে আছে বাংলাদেশ। আর শীর্ষ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম।
শীর্ষ ২০টি দেশের মধ্যে ১৯তম দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ৯৭ হাজারের বেশি। আর ২০তম দেশ কাতারে এই সংখ্যা ৮৭ হাজার ৩৬৯ জন। সরকারি হিসাবে সেখানে মৃত্যু হয়েছে মাত্র ৯৮ জনের। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading