রোহিঙ্গা ফেরাতে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ, বাংলাদেশের প্রশংসা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ৯:৩০
বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদেরকে পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে তাদের নিজ ভূমি মিয়ানমারে ফিরে যেতে উৎসাহিত করার জন্য মিয়ানমারকে আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এই প্রস্তাব গৃহীত হওয়ার কথা জানিয়েছে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন।
পরিষদের চলতি অধিবেশনে গৃহীত হওয়া ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক ওই প্রস্তাবে, “বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে উপযুক্ত পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজেদের আবাসস্থলে ফেরত যেতে উৎসাহিত করতে মিয়ানমারকে আহ্বান জানানো হয়েছে।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যাবাসন সম্পন্ন হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানানো হয়েছে।
অধিবেশনে ৪৭ সদস্য দেশের মধ্যে ৩৭টি দেশই প্রস্তাবে সমর্থন দেয়। দুটি দেশ বিপক্ষে মত দেয় এবং ভোট দেয়নি আট দেশ।
প্রস্তাবে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফৌজদারি বিচার ব্যবস্থার আওতায় তদন্ত অব্যাহত ও জোরদার করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়া ও গাম্বিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিচারালয়ের চলমান কার্যক্রমকে প্রস্তাবে স্বাগত জানানো হয়।
প্রসঙ্গত, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে ২০১৭ সালের ২৫ অগাস্ট থেকে ঘর-বাড়ি ছেড়ে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা; এই সংখ্যা কয়েক মাসের মধ্যে সাত লাখ ছাড়ায়। আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল আরও চার লাখ রোহিঙ্গা। তাদের কক্সবাজারের কয়েকটি কেন্দ্রে আশ্রয় দিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সরকার।

