নতুন শুরুতে আলো ছড়ালেন রোনালদো-দিবালা, জুভেন্টাসের জয়
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ৯:৫৫
অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল জুভেন্টাস। সিরি’আর নতুন শুরুতে আলো ছড়ালেন ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ ও ফাইনালে ব্যর্থ হওয়া ক্রিস্তিয়ানো রোনালদো, নিজেকে মেলে ধরলেন পাওলো দিবালা।
সোমবার (২২ জুন) রাতে ইতালিয়ান সিরি’আ লিগের ম্যাচে বোলোগ্নাকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরলেন তুরিনের বুড়িরা। ম্যাচে পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা একটি করে গোল করেছেন।
ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। চলতি মৌসুমে এটি ছিল তার ২২তম গোল। ৩৬ মিনিটে পাওলো দিবালা গোল করে ব্যবধান বাড়ান। তাকে গোলে সহায়তা করেন ফেদেরিকো বার্নার্ডেসচি।
২-০ গোলে এগিয়ে থেকে ঘরের মাঠ রেনাটো দাল’আরায় প্রথমার্ধের খেলা শেষ করা জুভেন্টাস দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখা পায়নি।
ফলাফল, ২৭ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো জুভেন্টাস। ২৬ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট সংগ্রহ করে জুভাদের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে লাৎসিও। ২৬ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা সিরি’আ গত ২০ জুন পুনরায় শুরুর পর জুভেন্টাসের প্রথম ম্যাচ এটি।

