করোনা শনাক্ত: লাখ ছাড়ানোর তালিকায় এবার দ. আফ্রিকা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ২০:১০
করোনাভাইরাসে সংক্রমিত এক লাখের বেশি মানুষ, এমন দেশের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ায় এই সংখ্যা এখন ১৯টি। আর করোনা শনাক্তের হিসাবে সবচেয়ে বিপর্যস্ত দেশের তালিকায় এই দেশটির অবস্থান ১৯তম। এর আগে এই তালিকায় উঠে এসেছে বাংলাদেশ ও কানাডা। তালিকার শীর্ষে রয়েছে মার্কিন আমেরিকা।
মঙ্গলবার (২৩ জুন) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ১৩:৩৮টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আগের দিন দক্ষিণ আফ্রিকায় করোনায় সংক্রমিত নতুন ৪ হাজার ২৮৮ জন শনাক্ত হয়। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১ হাজার ৫৯০ জন। একই সময়ে সেখানে করোনায় ৬১ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯১ জন, যা বাংলাদেশের চেয়ে বেশি। অবশ্য দেশটিতে সুস্থতার সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি, ৫৩ হাজার ৪৪৪ জন।
শীর্ষ তালিকার সবার উপরে থাকা মার্কিন আমেরিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৮৯ হাজার ৭৮৫ জন, মারা গেছে ১ লাখ ২২ হাজার ৬৫৯ জন। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ১১ লাখ সাড়ে ১৩ হাজারেরও বেশি, মৃত্যু হয়েছে ৫১ হাজার ৪০৭ জন।
শীর্ষ তালিকার ৪র্থ স্থানে থাকা প্রতিবেশী দেশ- ইন্ডিয়ায় আক্রান্ত ৪ লাখ ৪২ হাজার প্রায়, মারা গেছে ১৪ হাজারের বেশি মানুষ। তালিকার ১৭ নম্বরে থাকা বাংলাদেশে সরকারি হিসাবে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে, ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জনের। বাংলাদেশের পর লাখো আক্রান্তের দেশ কানাডায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৬৩৭ জন, মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার।
এদিকে, তালিকার ২০তম স্থানে থাকা মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আক্রান্ত বেড়ে ৮৮ হাজার ছাড়িয়েছে। দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়া দেশগুলোর মধ্যে এর পরে আছে কলম্বিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৭১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে মারা গেছে ২ হাজার ৩১০ জন। দেশটি বর্তমানে শীর্ষ তালিকার ২২ নম্বরে আছে। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

