আরও ৪ জেলার ৭ এলাকা ‘রেড জোন’ ঘোষণা, সাধারণ ছুটি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ২১:০৫
দেশের আরও ৪ জেলার ৭টি এলাকাকে করোনা (কোভিড-১৯) ভাইরাস সংক্রমণপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে ‘রেড-জোন’ ঘোষণা করে ওই এলাকাগুলোতে সাধারণ ছুটি দিয়েছে সরকার।
রেড-জোন চিহ্নিত নতুন ৪টি জেলা হচ্ছে কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ। এই ৪ জেলার ৭টি এলাকাকে রেড-জোন হিসেবে ঘোষণা করা হয়েছে যেটা বুধবার (২৪ জুন) থেকে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহম্মাদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২৩ জুন) জারি করা হয়েছে।
এর আগে দু’দফায় দেশের ১৫ জেলার ৩৮টি অঞ্চলকে করোনা ভাইরাস সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই নিয়ে তিন দফায় মোট ১৯ জেলার ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে ্বি এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হল।
ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন লাল অঞ্চলে জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।
আদেশে বলা হয়েছে, “লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।”
প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে রেড জোনে ২১ দিন ছুটি থাকবে।
জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
দেশজুড়ে দুই মাসের লকডাউনের পর করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এখন সংক্রমণপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নানা বিধিনিষেধ আরোপের কৌশল নিয়েছে সরকার।
৪ জেলার যেসব এলাকা রেড জোন:
কক্সবাজার জেলা : কক্সবাজার জেলার সদর উপজেলার কক্সবাজার পৌরসভা, ২ নম্বর ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬, ৯ নম্বর ওয়ার্ড। রাজাপালং ইউনিয়নের কোটবাড়ি বাজার ও থাইখালী বাজার।
মাগুরা জেলা : মাগুরা জেলার ঢাকা-ঝিনাইদহ-মেহেরপুর মহাসড়ক সংলগ্ন মাগুরা পৌরসভার আওতাধীন একতা কাঁচাবাজার এবং ভায়না মোড়ের দক্ষিণে ৪ নম্বর ওয়ার্ডের খানপাড়া ও পিটিআইপাড়া এলাকা।
খুলনা জেলা : খুলনা সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড। রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন।
হবিগঞ্জ জেলা : হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল ইউনিয়ন।

