কবি ও সাংবাদিক মাশুক চৌধুরী আর নেই
উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৩:৫৭
কবি ও সাংবাদিক মাশুক চৌধুরী আর নেই। মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাত দেড়টায় রাজধানীর রাশমনো জেনারেল হাসপাতালে হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বাংলাদেশ প্রতিদিনে’র প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তাঁর করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন তিনি।
কবি ও সাংবাদিক মাশুক চৌধুরীর জন্ম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। ৭০ দশকের খ্যাতিমান এই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে শিক্ষাজীবন শেষ করে ১৯৭২ সালে দৈনিক গণকণ্ঠ থেকে সাংবাদিকতা শুরু করেন।
তিনি দৈনিক সংবাদ, দৈনিক দেশ, দৈনিক খবরসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাব এডিটরস কাউন্সিল ও জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ছিলেন তিনি।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে ‘মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার’, ‘নির্বাচিত কবিতা’, ‘স্বর্গের রেপ্লিকা, ‘অত্যাগসহন’, ‘নদীর নাম দুঃসময়’।
পারিবারিক সূত্রে জানা যায়, মাশুক চৌধুরী গত ১৬ জুন অসুস্থ হয়ে শাহজাহানপুরে প্যান প্যাসিফিক হাসপাতাল ভর্তি হন। সেখানে তার নমুনা নিয়ে করোনা পরীক্ষার করলে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর নিউমোনিয়া ধরা পড়ে তার। মাশুক চৌধুরীর ছোট ভাই আশরাফুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টায় তার শারীরিকঅবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা আইসিইউ’র জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন প্যান প্যাসিফিক হাসপাতাল থেকে তাকে রাশমনো হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানাজা ও দাফন সম্পন্ন
বুধবার (২৪ জুন) সকাল ৭টায় হাজীপাড়ায় প্রথমদফা এবং উত্তর মাদারটেক বায়তুল্লাহ জামে মসজিদে দিতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মাদারটেক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জাতীয় প্রেস ক্লাবের শোক
মাশুক চৌধুরীর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

