বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরও স্থগিত
উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৮:০০
করোনাভাইরাস পরিস্থিতিতে এবার স্থগিত হয়ে গেল বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। এ বছর বাংলাদেশের আর কোনো টেস্ট ম্যাচ বাকি থাকল না সূচিতে। এর আগের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ পিছিয়ে দেয়া হয়।
বুধবার (২৪ জুন) এ খবর জানিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো। জুলাই-আগস্টে বাংলাদেশ দলের তিনটি টেস্টের এক সিরিজ খেলার কথা ছিল শ্রীলংকার বিরুদ্ধে। ক্রিকইনফোর খবর অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সিদ্ধান্তের কথা শ্রীলংকাকে জানিয়ে দিয়েছে। এজন্য তারা নিজেদের প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করেছে। এর মানে হচ্ছে, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ এবং শ্রীলংকা, উভয় দলই আরও কিছুদিন মাঠের বাইরে থাকবে।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ম্যাচ তিনটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গত কিছুদিনের ঘটনাপ্রবাহে অবশ্য এই সিরিজ পিছিয়ে যাওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। আনুষ্ঠানিক ঘোষণা এলো বুধবার (২৪ জুন)।
শ্রীলঙ্কার করোনাভাইরাস পরিস্থিতি এখন বেশ নিয়ন্ত্রিত। তাই তারা বাংলাদেশকে সফরে পেতে ছিল মরিয়া। তিন টেস্ট থেকে কমিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল তারা। বিসিবিও একটা পর্যায় পর্যন্ত আগ্রহী ছিল। কিন্তু বাংলাদেশে কোভিড-১৯ রোগের প্রকোপ বেড়েই চলেছে, ক্রিকেটারদের অনুশীলন শুরু করার অবস্থাই হয়নি এখনও। ফলে সফর বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবি-কে।
এর আগেই স্থগিত হয়েছে বাংলাদেশের পাকিস্তান ও ব্রিটেন সফর। এমনকি দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজও স্থগিত করা হয়।

