করোনা সংক্রমণ: এবার চীনকে টপকে শীর্ষ ২০-এ কাতার
উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৯:৪০
করোনাভাইরাসে সংক্রমিত এক লাখের বেশি মানুষ, এমন দেশের তালিকায় মঙ্গলবার যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ায় এই সংখ্যা এখন ১৯টি। এদিকে করোনার মাতৃভূমি খ্যাত দেশ- চীন পেছনে ফেলে ২০তম অবস্থান দখল করেছে মধ্যপ্রাচ্যের দেশ- কাতার। এরই মধ্যে কাতারে হু হু করে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২শ। তবে দেশটিতে আক্রান্তের তুলনায় মৃত্যু একেবারেই কম, মাত্র ১০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যুক্ত হয়েছে ৫ জন।
বুধবার (২৪ জুন) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ১৩:১৩টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে মোট আক্রান্ত বেড়ে ৯৪ লাখ ছুঁইছুঁই করছে। আর করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শুধু মার্কিন আমেরিকাতেই আক্রান্ত ২৪ লাখ ২৫ হাজারের বেশি। সেখানে মৃত্যু হয়েছে ১ লাখ ২৩ হাজার ৫০০ জনের। করোনায় আক্রান্ত দেশগুলোর শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত সাড়ে ১১ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃত্যু হয়েছে ৫২ হাজারেরও বেশি। আক্রান্ত ও মৃত্যু দুই পরিসংখ্যানেই আমেরিকার পরই বিশ্বে ব্রাজিলের অবস্থান। এর পরে যথাক্রমে আছে রাশিয়া, ইন্ডিয়া ও ব্রিটেন।
শীর্ষ তালিকার ৪র্থ স্থানে থাকা প্রতিবেশী দেশ- ইন্ডিয়ায় আক্রান্ত ৪ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে, মারা গেছে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ। তালিকার ১৭ নম্বরে থাকা বাংলাদেশে সরকারি হিসাবে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে, ১ লাখ ২২ হাজার ৬৬০ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮২ জনের।
বাংলাদেশের পর লাখো আক্রান্তের দেশ কানাডাকে পেছনে ফেলে উঠে আসা দক্ষিণ আফ্রিকায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ১০৮ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ১০২ জনের।এর পরে আছে কানাডা। দেশটিতে আক্রান্ত ১ লাখ ১ হাজার ৯৬৩ জন। তবে সেখানে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার। এদিকে, তালিকার ২০তম স্থানে থাকা মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আক্রান্ত বেড়ে ৯০ হাজার ৭৭৮ জন হয়েছে।

