আমেরিকায় আক্রান্ত ২৫ লাখ: সংক্রমণে শীর্ষ ২০ দেশের অবস্থা কী?

আমেরিকায় আক্রান্ত ২৫ লাখ: সংক্রমণে শীর্ষ ২০ দেশের অবস্থা কী?
করোনা (কোভিড-১৯) বিশ্ব

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৭:৪০

বিশ্বের ২১৫টি দেশে করোনাভাইরাস থাবা বসিয়েছে। এর মধ্যে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া ও ব্রিটেনের অবস্থা বেশি খারাপ। এই দেশগুলোর অবস্থা আক্রান্ত অন্যদেশগুলোর তুলনায় বেশি খারাপ। এর মধ্যে আমেরিকায় করোনা বা কভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে। সেখানে মারা গেছে ১ লাখ ২৭ হাজার প্রায়। সংক্রমণের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা আমেরিকা মহাদেশের আরেকটি- ব্রাজিলের পরিস্থিতিও বেশ ভয়াবহ। দেশটিতে আক্রান্ত যেমন হু হু করে বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এ পর্যন্ত ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৫৫ হাজারের অধিক।

শুক্রবার (২৬ জুন) গ্রিনিচ মান সময় ১০:০৮টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই দেখা গেছে। বিশ্বে এ পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৭ লাখ ৩৩ হাজার, মৃত্যু হয়েছে ৪ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শীর্ষ তালিকার তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত প্রায় সোয়া ৬ লাখ। তবে দেশটিতে সেই তুলনায় মৃত্যু কম, ৮ হাজার ৭৮১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যুক্ত হয়েছে ১৭৬ জন।

তালিকার চতুর্থ স্থানে থাকা ইন্ডিয়ায় গত ২৪ ঘণ্টায় এ যাবতকালের রেকর্ড পরিমাণ নতুন রোগী শনাক্ত হয়েছে, ১৭ হাজার। সেখানে মোট আক্রান্ত ৪ লাখ ৯২ হাজার প্রায়, মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি। ব্রিটেনেও আক্রান্ত ৩ লাখের বেশি। তবে দেশটিতে মৃত্যু ৪৩ হাজার ছাড়িয়েছে। স্পেন, পেরু, চিলির অবস্থাও বেশ নাজুক। প্রতিটিতে আক্রান্ত আড়াই থেকে ৩ লাখের কাছাকাছি।

তালিকার ৯ম স্থানে থাকা ইতালিতে আক্রান্ত ২ লাখ ৪০ হাজার প্রায়, মৃত্যু ৩৪ হাজার ৬৭৮ জন। তবে আশার কথা হচ্ছে, দেশটি এরই মধ্যে করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক পরিবেশে ফেরতে শুরু করেছে। সেখানে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৮৭ হাজার প্রায়। বর্তমানে ১৮ হাজারের কিছু বেশি রোগী চিকিৎসাধীন।

তালিকার ১০ম ও ১১তম অবস্থানে থাকা ইরান ও মেক্সিকোর অবস্থা অবনতির দিকে। এই দেশ দুটিতেও আক্রান্ত ২ লাখের বেশি করে। এর পরে আছে পাকিস্তান। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৯৫ হাজারের বেশি। মৃত্যু ৪ হাজার প্রায়।

শীর্ষ তালিকার ১৩তম স্থানে জার্মানির নাম থাকলেও দেশটির জনগণ এরই মধ্যে করোনাকে জয় করে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরতে শুরু করেছে। জার্মানিতে মোট আক্রান্ত হয় ১ লাখ ৯৩ হাজার ৭৮৫ জন। মারা যায় ৯ হাজারের কিছু বেশি। তবে জার্মানি ১ লাখ ৭৬ হাজার ৮শ কভিড-১৯ রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সেখানে এখন চিকিৎসাধীন আছেন মাত্র ৭ হাজার ৯৭৩ জন, যার মধ্যে ৩৬০ জন বেশি অসুস্থ। চীনের পর এটাই সম্ভবত বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় দেশ, যারা করোনা জয় করতে সক্ষম হলো।

এদিকে, লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এমন দেশের তালিকায় আরও আছে পর্যায়ক্রমে- তুরস্ক, সৌদি আরব, ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও কানাডা। আর চীনকে টপকে তালিকার ২০তম স্থানে থাকা কাতারেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৯১ হাজার ৮৩৮ জন। তবে সেখানে মারা গেছে মাত্র ১০৬ জন। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, কাতারে আক্রান্তদের মধ্যে ৭৪ হাজার ৫৪৪ জনই সুস্থ হয়েছেন। ফলে আক্রান্তের পরিসংখ্যানে দেশটিতে সংখ্যা বাড়লেও দেশটির জন্য বড় কোনও সমস্যার কারণ হতে পারবে না বলেই বিশ্লেষকদের ধারণা। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading