সরকার ‘ভিআইপি কালচার’-এ বিশ্বাসী নয়: সেতুমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৩:৪০
করোনাকালে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে সমান চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারি হাসপাতালসহ চিকিৎসা বিষয়ক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের কোনও বাছ-বিচার নয়, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন। শেখ হাসিনা সরকার ‘ভিআইপি কালচার’-এ বিশ্বাসী নয়। সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে। তিনি রবিবার (২৮ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন।
হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন, তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলি-মেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়ানোর অনুরোধ করছি।’
বর্তমানে ৬৬টি ল্যাবে টেস্ট করোনা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ অন্যান্য সংশ্লিষ্টদের জনস্বার্থে ল্যাব স্থাপনে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান সেতুমন্ত্রী।

