করোনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু’র মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১০:০২
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু আর নেই।
সোমবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুন নমুনা পরীক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর সংক্রমণ ধরা পড়ে। পরে তাদেরকে সিএমএইচএ ভর্তি করা হয়।
মন্ত্রী সুস্থ হয়ে গত ২১ জুন রাতে মিন্টো রোডের বাসায় ফিরে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় ৭১ বছর বছর বয়সী লায়লা আরজুমান্দ বানুকে হাসপাতালেই থাকতে হয়। শেষ পর্যন্ত তার আর বাসায় ফেরা হল না।
লায়লা আরজুমান্দ বানু ১৯৪৯ সালে গাজীপুরে জন্ম গ্রহন করেন। ১৯৭৪ সালে তার সাথে মোজাম্মেল হকের বিয়ে হয়। দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন তিনি।

