সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পানির নিচে ৬১ ইউনিয়ন
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১০:৪০
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। নদীর পানি কমলেও উজানের ঢল ও বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ।
জানা গেছে, শহরে বেশিরভাগ সড়ক ৫-১০ ফুট পানির নিচে ডুবে আছে। নিচু এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর দোয়াবাজার, জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আবাসিক এলাকার সড়ক ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অধিকাংশ এলাকার সড়কে এখন নৌকা চলাচল করছে।
সদরে ৯টি, বিশ্বম্ভরপুরের ৫টি, তাহিরপুরের ৭টি, জামালগঞ্জের ৪টি, ছাতকের ৫টি, শাল্লার একটি, দোয়ারাবাজারের ২টি, জগন্নাথপুরের ৩টি ও ধর্মপাশা উপজেলার ৪টি সহ ৬১টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভার মানুষ বন্যা কবলিত হয়েছেন।
দুর্গতদের জন্য ১২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এক হাজার ১৯৪টি পরিবার আশ্রয় নিয়েছেন। ৯ উপজেলা ও ৪টি পৌরসভায় ৬৬ হাজার ৮৬৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় ৪১০ মেট্রিকটন চাল ও নগদ ২৯ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, দিয়াশলাই, মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। সূত্র – বাংলা ট্রিবিউন।

