লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৭:২৫
বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযানের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন বলে সোমবার (২৯ জুন) বিকালে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এক শোক বার্তায় প্রধানমন্ত্রী লঞ্চডুবির ঘটনায় প্রাণহানি ঘটায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে উদ্ধার অভিযানের খোঁজ খবর নিচ্ছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা- দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রের বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা- বাসস জানিয়েছে, সোমবার সকালে যাত্রীবাহী লঞ্চ ‘মর্নিং বার্ড’ অর্ধশতাধিক যাত্রীসহ ঢাকার সদরঘাট সংলগ্ন শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। লঞ্চ দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করেছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া লাশের সংখ্যা ৩০টি। এখনও উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ ঘটনায় নৌ মন্ত্রণালয় থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

