সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৯:৩০
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে। তিনি সোমবার (২৯ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী একথা জানান।
ড. হাছান মাহমুদ বলেন, ‘হোম আইসোলেশনে থেকে মির্জা ফখরুল সাহেব সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। জনগণের পাশে দাঁড়াচ্ছেন না, সেটি দায়িত্বশীলতার পরিচয় নয়।’ তিনি বলেন, ‘তাকে অনুরোধ করবো, অন্ধের মতো সমালোচনা না করে বিশ্বের দিকে তাকিয়ে বাংলাদেশের পরিস্থিতি মূল্যায়ন করার জন্য।’
পাটকল বন্ধে বিএনপি নেতা রিজভীর মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো পাটকল বন্ধের সিদ্ধান্ত নেয়নি। বরং পাটকলগুলোকে আরো ভালোভাবে চালু করার লক্ষ্যে সংস্কারের ব্যবস্থা নেয়া হয়েছে।

