সিরাজগঞ্জে ছাত্রলীগের ১ নেতাকে কুপিয়ে বহিষ্কৃত ২ নেতা
উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ২১:২০
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয়কে কুপিয়ে আহত করার অভিযোগে একই কমিটির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
বহিষ্কৃতরা হলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব আহম্মেদ জিহাদ ও আল আমিন।
রবিবার (২৮) রাতে এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ বলেন, দলীয় শৃংখলা-ভঙ্গের অভিযোগে শিহাব ও আল আমিনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
আহত এনামুল হক বিজয় কামারখন্দের জামতৈল হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
জানা গেছে, সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের জন্য ছাত্রলীগ আয়োজিত ‘দোয়া মাহফিলে’ যোগ দিতে যাওয়ার পথে গত শুক্রবার বিকালে শহরের বাজার স্টেশন এলাকায় হামলার শিকার হন বিজয়। আহত বিজয়কে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় আহত বিজয়ের বড় ভাই রুবেল বাদী হয়ে ছাত্রলীগের ৫ নেতাকমীর বিরুদ্ধে গত শনিবার রাতে সদর থানায় মামলা করেন। আব্দুল্লাহ বিন আহম্মেদ বলেন, বহিষ্কৃতরা ওই মামলার অন্যতম প্রধান আসামি। বাকি আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, সাগর ও জাহিদুল ইসলাম।
বিজয় বর্তমানে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে দলীয় সূত্রে জানা গেছে।

