সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১২:৫৫
সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উজানের ঢল ও নদীর পানিও কমে যাচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পানি উন্নয়ন বোর্ড ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করেছে। উজানে ভারতের চেরাপুঞ্জিতে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তবে এখনও পানিতে ডুবে আছে সুনামগঞ্জ শহরের নিচু এলাকা। ওইসব এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
এদিকে বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর দোয়াবাজার, জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জেলার ৯টি উপজেলার ৬১টি ইউনিয়ন ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলায় ১২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ১ হাজার ১৯৪টি পরিবার আশ্রয় নিয়েছেন।
বন্যাকবলিত এলাকায় ৬৬ হাজার ৮৬৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চাল, নগদ টাকা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

