যশোরে মদ্যপ বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১৩:১৯
যশোরে এক মদ্যপ বড় ভাইয়ের হাতে তারই ছোট ভাই খুন হয়েছেন। সোমবার (২৯ জুন) দিনগত রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষ নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ছোট ভাইয়ের নাম রিপন হোসেন (৩০)। অভিযুক্ত মদ্যপ বড় ভাই বিপ্লব হোসেনকে (৩৫) এরই মধ্যে থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
এ নিয়ে নিহত রিপনের স্ত্রী সুকুরন খাতুন বলেন, “আমার ভাসুর বিপ্লব হোসেন প্রায়ই নেশা করে বাড়িতে ঢুকতেন। এ নিয়ে আমার স্বামীর সাথে প্রায়ই গন্ডগোল হতো। এ নিয়ে কয়েকবার মারপিটও করেছে আমার স্বামীকে।”
জানা যায়, সোমবার দিনগত রাত ১২টার দিকে রিপন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় তার বড় ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে মাথার পেছনে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

