লঞ্চডুবিতে প্রাণহাণীর ঘটনায় সাকিবের শোক
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১৫:০৮
করোনাভাইরাসের ছোবলে কঠিন সময় পার করছে পুরো বিশ্ব। ভাইরাসটির প্রকোপে বাংলাদেশেও এলোমেলো অবস্থা। করোনায় আক্রান্তের তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছে কয়েক হাজার মানুষ।
এরই মধ্যে সোমবার (২৯ জুন) ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ঘটলো লঞ্চডুবিতে প্রাণহাণীর ঘটনা।
অন্য সবার মতো এই ঘটনা নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।
দুর্ঘটনার দিন রাতেই লঞ্চডুবিতে প্রাণ হারানোদের প্রতি শোক জানিয়ে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন সাকিব। দৈনিক উত্তরদক্ষিণ-এর পাঠকদের জন্য সাকিব আল হাসানের সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
“প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে শান্তনা দিতে পারছি না।
পুরো পৃথিবীর এই ভয়ংকার ক্রান্তিকালে এমন দূর্ঘটনার কোন শান্তনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সব সকল দূর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ।
মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরোপারে পাড়ি জমানো সকল আত্বার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।”

