চীনে ‘নতুন ফ্লু ভাইরাস’, আরেক মহামারির আশঙ্কা!

চীনে ‘নতুন ফ্লু ভাইরাস’, আরেক মহামারির আশঙ্কা!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ১৪:১২

চীনের বিজ্ঞানীরা নতুন এক ধরণের ফ্লু ভাইরাস শনাক্ত করেছেন। এই ভাইরাসটিরও মহামারি হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তারা। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটির বাহক শূকর, যা মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। গবেষকদের আশঙ্কা, মানুষ থেকে মানুষে সহজে ছড়িয়ে পড়তে ভাইরাসটি আরও অভিযোজিত হয়ে উঠতে পারে। ফলে নভেল করোনার মতই বিশ্বজুড়ে নতুন মহামারিতে পরিণত হতে পারে! ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এমনটাই তুলে ধরা হয়েছে।

গবেষকরা আরও জানিয়েছেন, শূকরের মধ্যে শনাক্ত নতুন ‘ফ্লু’ ভাইরাসের সঙ্গে ২০০৯ সালের সোয়াইন ফ্লু ভাইরাসের মিল রয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়তে শুরু করে করোনাভাইরাস। ধারণা করা হয় বাদুড় থেকে ভাইরাসটি মানুষের মধ্যে সংক্রিমত হয়েছে।

ভাইরাসটির প্রথম সংক্রমণ শনাক্তের ৬ মাসের মধ্যে ছড়িয়ে গেছে বিশ্বের ২১৫টি দেশে। এতে বিশ্বের ১ কোটির বেশি আক্রান্ত এবং ৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহামারিতে পরিণত হওয়া ভাইরাসটির এখন পর্যন্ত কোনও প্রতিষেধক কিংবা টিকা আবিষ্কার সম্ভব হয়নি। করোনাভাইরাস মহামারি আরও দীর্ঘদিন চলতে পারে বলে বিশেষজ্ঞরা যখন আভাস দিচ্ছেন তখনই চীনে নতুন ভাইরাস শনাক্তের খবর সামনে এলো।

চীনের বিজ্ঞানীরা বলছেন, শূকর বাহিত নতুন ফ্লু ভাইরাসটির মানুষের শরীরে অভিযোজিত হওয়ার সব ধরণের লক্ষণ রয়েছে। আর নতুন ভাইরাস হওয়ায় এটি থেকে মানুষের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বলেও মনে করেন তারা। গবেষকরা বলছেন, অবশ্য ভাইরাসটি নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

ব্রিটেনের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রফেসর কিন-চো চ্যাং বলেছেন, ‘এই মুহূর্তে আমরা করোনাভাইরাস নিয়ে বিক্ষিপ্ত হয়ে রয়েছি এবং সেটাই সঠিক। কিন্তু আমাদের অবশ্যই নতুন ভাইরাসের সম্ভাব্য বিপদের ওপর থেকে চোখ সরানো চলবে না।’ তার মতে, নতুন এই ভাইরাসটি এখনই সমস্যা তৈরি করছে না- এটা সত্য তবে, ‘আমাদের এটি কোনওভাবেই অবহেলা করা উচিত হবে না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading