৩৮তম বিসিএস’র চূড়ান্ত ফল: ২২০৪ জনকে নিয়োগের সুপারিশ

৩৮তম বিসিএস’র চূড়ান্ত ফল: ২২০৪ জনকে নিয়োগের সুপারিশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ১৯:১২

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান।

৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৮ হাজার ৩৭৭ জন উত্তীর্ণ হলেও পদ না থাকায় ২ হাজার ২০৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬১১ জন পুরুষ এবং ৫৯৩ জন নারী। অপরদিকে, কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডার পদে কৃতকার্য প্রার্থী না পাওয়ায় ১৯৬টি পদে প্রার্থী সুপারিশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে ২৯১ জন, কৃষিতে ২৪১ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, আনসারে ৩৮ জনসহ বিভিন্ন ক্যাডারে এই নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

পদ না থাকায় ৩৮তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ক্যাডার পাননি ৬ হাজার ১৭৩ জন। তাদের পরে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান, তাদেরকে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading