রোহিঙ্গা ইস্যু: মিয়ানমারের ওপর মার্কিন অবরোধ চায় ঢাকা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ১৯:৪০
রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও তাদের ফিরিয়ে নিতে ব্যর্থতার জন্য মিয়ানমারের ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সেইসঙ্গে মিয়ানমারের জিএসপি সুবিধা বাতিলের প্রসঙ্গও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেওয়ের সঙ্গে ফোনালাপে উপস্থাপন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন।
এর জবাবে সরাসরি কিছু না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, রোহিঙ্গা ইস্যুতে এসব বিষয় ‘অবশ্যই গুরুত্বপূর্ণ’। রোহিঙ্গা শরণার্থীদের ঠাঁই দেওয়ায় বাংলাদেশ সরকারের উদারতার প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পম্পেও বলেন, রোহিঙ্গা সঙ্কটে মানবিক সহায়তার অংশ হিসেবে আমেরিকা এ পর্যন্ত ৮২০ মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশকে।
রোহিঙ্গারা যাতে সম্মানের সঙ্গে নিরাপদে মিয়ানমারে তাদের বসতভিটায় ফিরতে পারেন, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করার বিষয়েও আলোচনায় একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রায় ৪০ মিনিটের ফোনালাপকালে এসব কথা হয় বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

