বাংলাদেশ গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ে তালা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ১২:৩৪
ঈদ বোনাস বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন এমপ্লয়িজ ইউনিয়নের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের ঈদ বোনাস বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় অবস্থিত প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম বলেন, ১৯৮৬ সাল থেকে প্রায় ৩৫ বছর ধরে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যেমে তারা ঈদ বোনাস পেয়ে আসছেন। গত ৮ জুন কোম্পানির বোর্ড সভায় উৎসব বোনাসের একটি কর্তন ও কোম্পানি কর্তৃক শ্রমিক-কর্মচারীদের আয়কর বহন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন আগামী চার দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বাকি পাঁচটি গ্যাস ফিল্ডেও আন্দোলন গড়ে তোলা হবে।

