প্রকাশ্যে শাহরুখকে চড় মেরেছিলেন ‘মাস্টারজি’ সরোজ খান!
উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ আপডেট ২০:০৭
সদ্য প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খান চড় মেরেছিলেন শাহরুখ খানকে! বিশ্বাস হয় না? কিন্তু এটা সত্য। এমন ঘটনা ঘটেছিল। শাহরুখের মতের সঙ্গে মেলেনি। তাই রাখঢাক না করেই গালে চড় কষিয়ে দিয়েছিলেন ‘মাস্টারজি’ নামে পরিচিত সরোজ খান।
সেই মাস্টরজি চড় মেরেছিলেন, যাকে তাকে নয়। স্বয়ং কিং খানকে!
শাহরুখের শুরুর দিনের কথা। সে সময় ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আর সরোজ খানের নাম একই সঙ্গে উচ্চারিত হত। শাহরুখও খুবই সম্মান করতেন প্রিয় ‘মাস্টারজি’কে। কিং খানেরও সেই সময় খুব কাজের চাপ। তিন বেলা কাজ করতে হচ্ছে। নিঃশ্বাস ফেলার সময় নেই। একদিকে নিজেকে প্রমাণ করার তাগিদ,অন্যদিকে কাজের চাপে ক্রমাগত পিষে যাওয়ার উপক্রম।
ক্লান্ত শাহরুখ নালিশের সুরেই ‘মাস্টারজি’কে বলেন, আর পারছেন না তিনি। এত কাজ! যেই বলা অমনি শাহরুখকে গালে ঠাস করে চড় কষিয়ে দেন সরোজ খান। কেন জানেন? সরোজের বক্তব্য ছিল, যাই হয়ে যাক না কেন, ‘আমার অনেক কাজ’ এ কথা যেন কেউ নিজে থেকে কোনও দিন না বলে, এটাই ছিল তাঁর থিয়োরি। কারণ, অনিশ্চয়তার গ্ল্যামার জগতে কে যে কখন উপরে উঠে যাবে আর কেই বা এক ঝটকায় নেমে যাবে নীচে, তা কেউ জানে না।
প্রিয় মাস্টারজির মৃত্যুতে শাহরুখ খানের টুইট
ঘটনাটি পরে এক সাক্ষাৎকারে শেয়ার করেছিলেন শাহরুখ নিজেই। তবে সেই চড় যে স্নেহের, আদরের ছিল সে কথাও জানাতে ভোলেননি এসআরকে। আজ সরোজ খানের মৃত্যুতে কিং খানের মন বিষাদে ছেয়েছে। টুইটারে তিনি লিখেছেন, “ইন্ডাস্ট্রিতে সরোজজি ছিলেন আমার প্রথম প্রকৃত শিক্ষক”।
বৃহস্পতিবার রাত দু’টো নাগাদ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের কিংবদন্তী নৃত্য প্রশিক্ষক সরোজ খান। বলিউডে বিষাদের ছায়া। মাধুরী, করিনা থেকে অমিতাভ…স্মৃতিতে, গল্পে স্মরণ করছেন প্রিয় ‘মাস্টারজি’কে।
সূত্রঃ আনন্দবাজার

