টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ‘মাদক কারবারি’ নিহত
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১০:৪৪
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা হলেন- উখিয়া কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে মো. আলম এবং বালুখালী ক্যাম্পের মো. এরশাদ আলীর ছেলে মো. ইয়াছিন।
রবিবার (০৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার হ্নীলার ওয়াব্রাংয়ের নাফ নদীর তীরে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানা গেছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান গণমাধ্যমকে জানান, গভীর রাতে হ্নীলা বিওপির সংলগ্ন ওয়াব্রাংয়ের নানীরবাড়ি নামক সীমান্ত দিয়ে মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোককে নাফ নদ সাঁতরে বাংলাদেশের সীমান্তে ঢুকতে দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদককারবারি চক্রের সদস্যরা কেওরা বাগানের দিকে পালিয়ে যায়।
এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েক মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

