মেগা প্রকল্পের অর্থ করোনা মোকাবিলায় বরাদ্দের আহ্বান ২০ দলের
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ১৭:৩১
২০২০-২০২১ অর্থবছরের বাজেটে মেগা প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া অর্থ স্থগিত রেখে করোনা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জোটের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে এ কথা বলেন। সোমবার (৬ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে তিনি বলেন, ‘সারা বিশ্বের অভিজ্ঞতার আলোকে বিলম্বে বাস্তবায়ন সম্ভব এমন সব মেগা প্রকল্প স্থগিত করে, সেই অর্থে করোনা সংকট মোকাবিলায় বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছে ২০ দল।’ এর আগের দিন রবিবার (৫ জুলাই) ২০ দলীয় জোটের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। জোটের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো জানাতে নজরুল ইসলাম সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন।
সংবাদ সম্মেলনে করোনা শনাক্তে দৈনিক কমপক্ষে ৬০ হাজার নমুনা পরীক্ষা ও সব হাসপাতাল-ক্লিনিকে আইসিইউ-ভেল্টিলেশনের ব্যবস্থা করে করোনা চিকিৎসার উপযোগী করার দাবি জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক নজরুল ইসলাম খান।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিয়ে ‘সময়ক্ষেপণ করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়ক। নজরুল ইসলাম খান বলেন, ‘বিদেশ থেকে নিম্নমানের কিট, মাস্ক, পিপিইসহ সুরক্ষা সামগ্রী আমদানিতে সীমাহীন দুর্নীতি হয়েছে। নিম্নমানের সুরক্ষা সামগ্রীর ব্যবহার অসংখ্য রোগী এবং ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবীসহ বহু জনের অকাল মৃত্যুর কারণ হয়েছে।

