যশোরে কলেজ ছাত্রকে পুলিশি নির্যাতন: বিচারিক তদন্তের নির্দেশ হাইকোর্টের
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ২১:৪৫
যশোরে কলেজ ছাত্র ইমরান হোসেনের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যুগ্ম জেলা জজ বা তার উপরের পদমর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে দিয়ে ওই ঘটনার তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে যশোরের জেলা ও দায়রা জজকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইমরানকে নির্যাতনের অভিযোগের বিচারিক তদন্ত, ক্ষতিপূরণ এবং তার চিকিৎসা ব্যয় বিবাদীদের বহন করার নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার (৬ জুলাই) এ আদেশ দেয় বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
ইমরান হোসেন যশোর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে। তিনি কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই তরুণের অভিযোগ, সাজিয়ালি ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য তাকে বেধড়ক মারধর করে এবং পকেটে গাঁজার পোটলা রেখে রিমান্ডের হুমকি দিয়ে তার বাবার কাছে ২৫ হাজার টাকা দাবি করে। পরে ৬ হাজার টাকায় তার মুক্তি মেলে।

