নলতা শরীফের খাদেম আনছার উদ্দিন আহমদ আর নেই, দেশে-বিদেশে শোকের ছায়া

নলতা শরীফের খাদেম আনছার উদ্দিন আহমদ আর নেই, দেশে-বিদেশে শোকের ছায়া
নলতা রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন আহমদ

শেখফারুকউত্তরদক্ষিণ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ২১:৪৭

নলতা রওজা শরীফের খাদেম আলহাজ্ব মৌলভী আনছার উদ্দিন আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ৩টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

মৃত্যুকালে সাতক্ষীরা সহ সারাদেশে ও দেশের বাইরে অসংখ্য ভক্ত রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে সাতক্ষীরা সহ সারাদেশে ও বিদেশে মুরিদদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সাতক্ষীরা জেলায় সর্বস্তরের মানুষের কাছে তিনি খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন।

অত্যন্ত সদালাপী, বিনয়ী ও হাস্যোজ্জ্বল এই মানুষটি সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। বিপদে আপদে দোয়া ও সহযগিতার জন্য মানুষ তার কাছে ছুটে যেতেন। কারো কাছে তিনি ছিলেন হুজুর, কারো কাছে খাদেম মামা, আবার কেউ তাকে মুরুব্বী বলে ডাকতেন।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অসুস্থ্য হওয়ার পর গত ৪ জুলাই খাদেম সাহেবের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য দেয়া হয়। টেস্টের রিপোর্টে করোনা-পজিটিভ এসেছে। করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নলতা শরীফ সূত্রে জানা যায়, খাদেম সাহেবের জানাজা বৃহস্পতিবার (৯ জুলাই) বাদ আছর নলতা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অন্য একটি সূত্র জানায়, তার জানাজায় ব্যাপক লোক সমাগমের বিষয়টি বিবেচনা করে স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে ‘ভিন্ন চিন্তা’ রয়েছে।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা পাইকাড়া গ্রামের তিনি জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম এজাহার আলী।

পীর সাহেব খানবাহাদুর আহছানউল্লাহ (র:)-এর নলতা রওজা শরীফে খাদেম হিসেবে তিনি আমৃত্যু নিয়োজিত ছিলেন।

অবিভক্ত বাংলার শিক্ষাবিদ ও সমাজসংস্কারক আলহাজ্জ্ব খান বাহাদুর আহছানউল্লা (র.) রওজা শরীফ-ই মূলতঃ নলতা রওজা শরীফ নামে পরিচিত। তিনি পীর সাহেব হিসেবে খ্যাত হন।

আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা ও পীর সাহেব খান বাহাদুর আহছানউল্লা (র.)-এর জীবদ্দশায় তার অত্যন্ত স্নেহভাজন ছিলেন মৌলভী আনসার উদ্দীন।

পীর সাহেবের দেয়া নির্দেশনা অনুসারে মৌলভী আনসার উদ্দীন রওজা শরীফ পরিচালনা ও নিজের জীবন নির্বাহ করতেন।

পীর সাহেবের মৃত্যুর পর থেকে মৌলভী আনসার উদ্দীন পাক রওজা শরীফের খাদেম হিসেবে বিশ্বস্ততার সঙ্গে আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading