ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত

ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ০৮:৫০

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যিনি বলেছিলেন, ‘কিছু মানুষ মরবেই, এটাই জীবন’। মহামারীর সঙ্কটকে শুরু থেকেই এটিকে উপেক্ষা করে আসছিলেন তিনি। খবর বিবিসি’র।

খবরে বলা হয়, জ্বরসহ বিভিন্ন উপসর্গে ভুগতে থাকা বোলসোনারো সোমবার (০৬ জুলাই) চতুর্থবারের মত তার নমুনা পরীক্ষা করান। তাতে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

করোনাভাইরাসের ঝুঁকিকে ছোট করে দেখিয়ে মহামারীর শুরু থেকেই বিভিন্ন মন্তব্য করে আসছিলেন ব্রাজিল প্রেসিডেন্ট, যে কারণে তাকে সমালোচিত হতে হয়েছে বিশ্বজুড়ে।

ভাইরাস ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্বের নিয়ম মানা এবং লকডাউনের বিরোধিতা করে আসা বোলসোনারো তার দেশের বিভিন্ন রাজ্যের গভর্নরদের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন।

করোনাভাইরাসে পর্যুদস্ত ব্রাজিলে মাস্ক পরা বাধ্যতামূলক করার একটি চেষ্টা গত সোমবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে আটকে দেন উগ্র ডানপন্থি মতাদর্শের এই রাজনীতিবিদ।

বিবিসি লিখেছে, কোভিড-১৯ কে সাধারণ সর্দি-জ্বরের সঙ্গে তুলনা করে গত এপ্রিলে বোলসোনারো বলেছিলেন, এ ভাইরাস তাকে মোটেও কাবু করতে পারবে না। ওই মাসেই বোলসোনারোকে একবার কাশতে কাশতে লকডাউন-বিরোধী বিক্ষোভে হাজির হতে দেখা যায়। মুখে কোনো মাস্ক না পরে, হাতে গ্লাভস না পরেই বিক্ষোভ-সমাবেশে অংশ নেন বোলসোনারো।

সে সময় ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪০ হাজারের কাছাকাছি, মৃত্যুর সংখ্যা ছিল তিন হাজারের নিচে।

আর বোলসোনারোর নিজের যেদিন সংক্রমণ ধরা পড়ল, ততক্ষণে এ ভাইরাস ব্রাজিলে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, আক্রান্ত করেছে ১৬ লাখের বেশি মানুষকে।

তবে পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading