জুভেন্টাসের বিপক্ষে মিলানের সহজ জয়
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ০৯:১০
সেরি আর ম্যাচে মঙ্গলবার রাতে জুভেন্টাসের বিপক্ষে ৪-২ গোলে জয় পেল এসি মিলান। ২০১৬ সালের পর ইতালির শীর্ষ লিগে জুভেন্টাসের বিপক্ষে জিতল মিলান। এবারের আসরে সাত ম্যাচ পর হারল মাওরিসিও সাররির দল।
অন্যসব ম্যাচের মতো এসি মিলানের বিরুদ্ধেও দাপট দেখিয়ে শুরু করেছিল জুভেন্টাস। প্রথমার্ধে কোনও পক্ষই গোল পায়নি। বিরতির পর মাঠে নেমে জুভিরা দুটি গোল তুলে নেয়। পিছিয়ে পরা মিলানের দলটি পাঁচ মিনিটে তিন গোল আদায় করে নেয়। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-কালো শিবির।
ওই রাতে সানসিরো স্টেডিয়ামে জুভেন্টাসের হয়ে গোল করেন আদ্রিয়ান রাবিয়ত ও ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে এসি মিলানের হয়ে একটি করে গোল করেছেন জ্বালাতান ইব্রাহিমোভিচ, ফ্রাঙ্ক কেসিস, রাফায়েল লিয়াও ও আন্তে রেবিক।
ইতালিয়ান লিগের দুই ঐতিহ্যবাহী দলের লড়াইয়ের দিনে মুখোমুখি হয়েছিলেন রোনালদো ও ইব্রাহিমোভিচ। দুই মহাতারকার ফুটবল যুদ্ধ দেখার জন্য মুখিয়ে ছিলেন ফুটবল প্রেমীরা।

