গ্রীস সীমান্তের কাছ থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ০৯:৪৫
নর্থ মেসিডোনিয়ায় গ্রিস সীমান্তের কাছে একটি ট্রাক থেকে বাংলাদেশিসহ ২১১ জন অভিবাসীকে উদ্ধার করেছে মেসিডোনিয়ার পুলিশ। এদের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি এবং ৬৭ জন পাকিস্তানি নাগরিক। খবর আল জাজিরার।
জানা গেছে, গেভজেলিজা শহরের কাছে সোমবার রাতে একটি ট্রাককে থামায় সীমান্তে টহলরত নর্থ মেসিডোনিয়ার পুলিশ।
এরপরেই ওই ট্রাকের ভেতর থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়। ওই ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মেসিডোনিয়ার নাগরিক, বয়স ২৭ বছর। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
ট্রাক থেকে উদ্ধার হওয়া অভিবাসীদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই করোনা মহামারির কারণে গ্রিসের সঙ্গে নর্থ মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মানবপাচারকারী চক্রগুলো ওই এলাকায় এখনও সক্রিয় রয়েছে। এসব চক্র অভিবাসীদের অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে এরপর উত্তরের দিক থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে সহায়তা করে আসছে।

