ক্রেস্ট সিকিউরিটিজ ও তার পরিচালকদের হিসাব জব্দ
উত্তরদক্ষিণ । ঢাকা । ০৮ জুলাই ২০২০
আপডেট : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । ০০:২২
গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদুল্লাহ, তার স্ত্রী নিপা সুলতানা এবং প্রতিষ্ঠানটির নামে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এই তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এই সদস্য প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাত করে আত্মগোপন করার অভিযোগ রয়েছে। বিদেশে পালানোর চেষ্টার সময় লক্ষ্মীপুর- নোয়াখালী সীমান্তে আইনশৃংখলা রক্ষাবাহিনীর হাতে ক্রেস্টের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার হন।
গত ২২ জুন ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদুল্লাহ ও তার স্ত্রী, প্রতিষ্ঠানটির পরিচালক নিপা সুলতানা বিনা ঘোষণায় সব অফিস বন্ধ করে আত্মগোপন করে। তাদের ধানমন্ডির বাসায় খোঁজ নিতে গেলে সেটি বন্ধ পাওয়া যায়। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়ে। একজন বিনিয়োগকারী থানায় জিডি করেন।
এরপর ডিএসই ও বিএসইসি ততপর হয়ে ওঠে। শহীদুল্লাহ বিদেশে পালিয়ে যেতে পারেন এমন আশংকা থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়।

গত সোমবার (৬ জুলাই) পুলিশের গোয়ান্দা শাখা-ডিবি লক্ষ্মীপুর- নোয়াখালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে । গ্রেপ্তারের পর মোঃ শহীদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানা গ্রাহকদের ২৮ কোটি টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ জানায় ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে ক্রেস্ট সিকিউরিটিজ, এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদুল্লাহ, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক নিপা সুলতানার ব্যাংক হিসাব জব্দ করার অনুরোধ জানায়। ওই অনুরোধে সাড়া দিয়ে বুধবার (৮ জুলাই) অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।
ওই ব্রোকারহাউজে প্রায় ২৫ হাজার গ্রাহকের ১০০ কোটি টাকা জমা ছিল বলে জানা যায়। সুযোগ পেলে তারা পুরো টাকা সরিয়ে নিতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল্লাহ।

