নতুন অতিথিকে নিয়ে সতীর্থদের ‘শুভ কামনা’ রুটের
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১৬:১৫
১১৬ দিন পর আবারও ক্রিকেট ফিরলো মাঠে। প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ও মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকে ক্রিকেটের সব আসর। মহামারির প্রকোপ কেটে যাওয়ার পর বুধবার (৮ জুলাই) ক্রিকেটের পুর্নজন্মের ঐতিহাসিক সেই ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনে অনুষ্ঠিত হয় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
দেশের মাটিতে ক্রিকেটের পুর্নজন্মের মাহেন্দ্রক্ষণে দলের সঙ্গে ছিলেন না ইংলিশদের নিয়মিত অধিনায়ক জো রুট। কারণ, সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই সিরিজের প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে রাখেন রুট। এদিকে, সিরিজ মাঠে গড়ানোর আগেই রুটের ঘরে গত মঙ্গলবার (৭ জুলাই) আসে নতুন অতিথি। দ্বিতীয় বারের মতো বাবা হন ইংলিশ অধিনায়ক রুট। রুটের স্ত্রী ক্যারি কট্রেল এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওইদিন। আলফ্রেড উইলিয়াম নামে রুটের তিন বছরের এক ছেলে আছে আগে।
দল থেকে দূরে থাকলেও, জাতীয় দলের সতীর্থদের শুভ-কামনা জানাতে ভুল করেননি রুট। টিভি সেটের সামনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের শুভ কামনা জানিয়েছেন তিনি নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। এসময় তার পুত্র উইলিয়ামও সঙ্গে ছিলেন।
ইনস্টাগ্রামে বড় ছেলে ও সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন রুট।
সেই ছবিতে সতীর্থদের উদ্দেশ্যে রুট লিখেছেন, ‘গুড লাক বয়েজ। আমরা ম্যাচটা দেখবো এবং সব দিক দিয়ে সমর্থন দিবো।’
বাংলাদেশ সময় বিকাল ৪টায় সিরিজ শুরুর নির্ধারিত সময় ছিলো। কিন্তু বৃষ্টির কারণে প্রায় ৩ ঘণ্টা পর শুরু হয় খেলা।

