আমেরিকায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ হাজার, একদিনে সংক্রমণের বিশ্ব রেকর্ড!

আমেরিকায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ হাজার, একদিনে সংক্রমণের বিশ্ব রেকর্ড!

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ১৪:২৭

আমেরিকায় মহামারি করোনা ভাইরাসে বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন করে আরো ৬৫ হাজার ৫৫১ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের এই সংখ্যা বিশ্বে একটি নতুন রেকর্ড। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

জনস হপকিন্সের তথ্য অনুযায়ী, মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ছাড়ালো। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৩ হাজার ১৯৫ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত মঙ্গলবার প্রাত্যহিক আক্রান্তের নতুন রেকর্ড হয়েছিল। সেদিন ২৪ ঘণ্টার হিসাবে ৬০ হাজার ২শ’র বেশি মানুষ করোনায় হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকায় বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। এতে মৃত্যু হার খুব শিগগিরই আগের পথ অনুসরণ করতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন।

এদিকে, কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা আবার অনেক বেড়ে যাওয়ার কারণে ওই দুই অঞ্চলের রাজ্যগুলোতে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।
স্থানীয় সময় রাত সাড়ে ৮ পর্যন্ত (গ্রিনিচ মান সময় শুক্রবার ০০:৩০টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ১ হাজার জন প্রাণ হারিয়েছে।

আমেরিকার প্রধান সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বৃহস্পতিবার নিউজ আউলেট হিল আয়োজিত এক টেলিকনফারেন্স চলাকালে বলেন, ‘আমরা অত্যান্ত জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি।’ ফাউচি বলেন, আমেরিকার অর্থনীতির চাকা সচল করতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ফের খুলে দেয়ার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবারের মতো ফাউচি’র মন্তব্যের ব্যাপারে সরাসরি দ্বিমত পোষণ করে বলেছেন, করোনা ভাইরাস পরীক্ষা কর্মসূচি অনেক জোরদার করার কারণে আক্রান্তের এ সংখ্যা বেড়ে গেছে। তিনি বলেন, এ বৃদ্ধি তেমন গুরুত্বপূর্ণ না। ট্রাম্প বলেন, ‘আমরা ৪ কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করেছি। এক্ষেত্রে যদি আমরা ২ কোটি লোকের করোনা পরীক্ষা করতাম, তাহলে আক্রান্তের সংখ্যা অর্ধেক হতো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading