রাজধানীর গ্রিন রোড থেকে নারীর লাশ উদ্ধার, আটক ১
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ১৭:১০
রাজধানীর কলাবাগানে রাস্তার ওপর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোমেনা আক্তার (৪০) শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগার থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, শুক্রবার সকালে গ্রিন রোডে ১৫২/২ নম্বর বাসার সামনে মসজিদ গলিতে তার মৃতদেহ পাওয়া যায়। তিনি বলেন, তার গলায় গামছা ও রশি পেঁচানো ছিল। শরীরের বিভিন্ন স্থানের জখমের চিহ্ন আছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় পাশের ভবনের এক দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে ওসি পরিতোষ জানান। তিনি আরও জানান, শ্রীবরদী থানার ওসি-কে নিহতের স্বজনদের খোঁজখবর করতে বলা হয়েছে। নিহতের নাম কীভাবে জানতে পেরেছেন- জানতে চাইলে ওসি পরিতোষ বলেন, একটি সোর্স থেকে জেনেছি। আশা করছি, হত্যার রহস্য সহসাই উদ্ঘাটন করতে পারব।

