চট্টগ্রামে আরও ১৬২ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ২১৩
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ২১:৩০
চট্টগ্রামে ৭৮১টি নমুনা পরীক্ষায় আরও ১৬২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও তিন জনের। নতুন করে শনাক্ত হওয়া ১৬২ জনের মধ্যে ১১৭ জন নগরের ও ৪৫ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ১৯৩ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ২ জন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১৩ জন। এর মধ্যে ১৫২ জন নগরের ও ৬১ জন উপজেলার বাসিন্দা।
শুক্রবার (১০ জুলাই ) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৬টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল ল্যাবে ৭৮১ জনের নমুনা পরীক্ষা করে ১৬২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬ জন সুস্থ হয়েছেন, চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৩৪০ জন কভিড রোগী।

