বন্যাদুর্গতদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএনপি’র
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৪:০৫
বন্যাদুর্গত এলাকার মানুষদের বাঁচাতে দলের নেতা-কর্মীসহ দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় পানিবন্দি হয়ে পড়া লাখ লাখ মানুষের ভোগান্তি নিরসনে ‘সরকারের কোনো তৎপরতা নেই’ বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১১ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, করোনাভাইরাসের অভিঘাতে বিপর্যস্ত অবস্থার মধ্যে ধেয়ে আসা বন্যার কবলে পড়ে জনজীবনে এখন চরম ভোগান্তি। অবিরাম বর্ষণে মানুষের বাড়িঘর তলিয়ে যাওয়ায় গৃহপালিত গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছে মানুষ। কিন্তু বন্যাকবলিত এলাকায় সরকার সম্পূর্ণরূপে নির্বিকার। উপদ্রুত মানুষের সাহায্যে তাদের কোনো তৎপরতা নেই।
বন্যা পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে-লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি। ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সিলেট ও সুনামগঞ্জের শত শত কিলোমিটার সড়ক বিপর্যস্ত হয়ে কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর শহরও এখন বিপদজ্জক অবস্থায়; ফরিদপুরসহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
রিজভী আরও বলেন, ভারতের গজলডোবায় সবকটি গেট খুলে দেওয়ায় এবং বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধায় হু হু করে বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

