করোনামুক্তির আশায় লক্ষ্মীপুরে ডোবার পানি পান করছে শত শত মানুষ
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৪:৪০
ডোবার পানি পান ও গোসল করলেই করোনাসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধি থেকে মুক্তি মিলবে লক্ষ্মীপুরে এমন গুজব ছড়িয়ে পড়ার পরপরই সদর উপজেলার লাহারকান্দিতে একটি ডোবায় ভিড় করছে শত শত মানুষ।
জানা যায়, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সহিদপুর গ্রামে সাদুল্লা হাজিবাড়ির পাশে একটি ডোবা থেকে দীর্ঘদিন ধরে বুদবুদ উঠছে। ওই ডোবার পানি পান করলে ও পানিতে গোসল করলে করোনাসহ নানা রোগ থেকে মুক্তির গুজব ছড়িয়েছে। যে কারণে দূর দূরান্ত থেকে ওই এলাকায় ডোবার পানি নিতে, পান করতে এমনকি ওই পানিতে গোসল করতে ভিড় করছেন শত শত মানুষ।
এ নিয়ে লাহারকান্দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মশু গণমাধ্যমকে জানান, ডোবার পাশের বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে রাশেদ স্বপ্ন দেখেছে এই ডোবারপানি খেলে করোনাসহ নানা রোগব্যধি নিরাময় হয়ে যাবে আমি নিজেও ডোবার পানি পান করেছি এবং এখান থেকে অনেকেই পানি নিয়ে খেয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার জানান, ডোবার পানি পানে রোগমুক্তির কথা পুরোটাই গুজব। লোকে সত্য-মিথ্যা যাচাই না করেই ডোবা থেকে পানি নিয়ে যাচ্ছে। এসব কথার ন্যূনতম বৈজ্ঞানিক ভিত্তি নেই বরং নোংরা পানি থেকে নানা রোগ সংক্রমণের আশংকা রয়েছে।

